মোঃ শাহ আলমঃ
রাজধানীর লালবাগের চকবাজার থানাধীন কিল্লারমোড় বাজারের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য ও ময়লার স্তূপ এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশাল এই ময়লার ভাগাড়ে পচা-আবর্জনা, প্লাস্টিক, পলিথিনসহ নানা ধরনের বর্জ্য জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বাজারের পেছনের বিস্তীর্ণ এলাকায় এভাবে ময়লা জমে থাকলেও তা অপসারণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ময়লার স্তূপ এতটাই বেড়েছে যে, আশপাশের স্থাপনা ও একটি ভবনের ছাদ পর্যন্ত আবর্জনায় ঢেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
সরজমিনে এলাকাটি ঘুরে দেখা যায়, কিল্লারমোড় বাজারের পেছনের অংশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের বর্জ্য। কোথাও বড় বড় বস্তায় আবর্জনা জমা করে রাখা হয়েছে, আবার কোথাও বস্তা ছিঁড়ে ময়লা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এর সঙ্গে মিশে আছে প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী। দীর্ঘদিনের ময়লার স্তূপের কারণে স্বাভাবিক পরিবেশও নষ্ট হয়েছে বলে স্থানীয়রা জানান।
মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ
এলাকাবাসীর দাবি, জমে থাকা ময়লা ও বিভিন্ন স্থানে পানি জমে থাকায় মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। ফলে দিন-রাত মশার উপদ্রব বেড়েছে। বাজারের ক্রেতা-বিক্রেতা, দোকানকর্মী এবং আশপাশের বাসিন্দাদের নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিশেষ করে সন্ধ্যার পর মশার উৎপাত আরও বেড়ে যায়। এতে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।
মসজিদের মুসল্লিদেরও দুর্ভোগ
ময়লার ভাগাড়ের পশ্চিম পাশে থাকা মসজিদের মুসল্লিরাও দুর্ভোগের শিকার হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। ময়লার স্তূপ, দুর্গন্ধ ও মশার উপদ্রবের কারণে নামাজ আদায়ের সময়ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে তারা জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও জনবহুল বাজারের পাশে এ ধরনের বিশাল ময়লার স্তূপ দীর্ঘদিন ধরে পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ময়লা অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় আবর্জনা জমতে না পারে, সে ব্যবস্থা নেওয়া জরুরি।
বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকি
ময়লার স্তূপে বিভিন্ন ধরনের বর্জ্য জমে থাকায় পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন বর্জ্য পড়ে থাকলে দুর্গন্ধ, কীটপতঙ্গের বিস্তার এবং আশপাশের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের দাবি, শুধু একবার ময়লা পরিষ্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। নিয়মিত বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে।
দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি।
কিল্লারমোড় বাজারের পেছনে জমে থাকা ময়লার বিশাল স্তূপ দ্রুত অপসারণ করে পুরো এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হোক। পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং কিল্লারমোড় বাজারের পেছনের এই ময়লার ভাগাড় থেকে এলাকাবাসীকে স্থায়ীভাবে মুক্তি দেবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত