মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় লংগদু থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি বৈরাগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া। বগাচত্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল, বর্তমান চেয়ারম্যান আবুল বাসার এবং ইউপি সদস্য দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ওসি মো. জাকারিয়া বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বগাচত্বর ইউনিয়নসহ পুরো লংগদুকে মাদকমুক্ত করা সম্ভব।
বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সচেতনতাও গুরুত্বপূর্ণ। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের আগ্রাসন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
র্যালি ও সমাবেশের মাধ্যমে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের বার্তা দেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত