আন্তর্জাতিক ডেস্কঃ
প্রতিদিনের মতো রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তার চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে যান তিনি। কারণ বোর্ডিং পাসে লেখা নামটি তার প্রবাসী স্বামীর।
এরপর ওই যুবক মুখের মাস্ক খুলতেই ছয় বছর পর স্বামীকে সামনে দেখতে পান চিকিৎসক। আনন্দে চেয়ার ছেড়ে উঠে স্বামীকে জড়িয়ে ধরেন তিনি। দুজনই আবেগে কেঁদে ফেলেন। তাদের এই পুনর্মিলনের দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ভারতের রাজস্থানের বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রোগীর ছদ্মবেশে চেম্বারে ঢুকে স্ত্রীকে চমকে দেন প্রবাসী স্বামী।
কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী চিকিৎসক চেম্বারে বসে রোগী দেখছিলেন। এ সময় মাস্ক পরা যুবক তার সামনে এসে চিকিৎসার কাগজপত্রের পরিবর্তে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখান।
প্রথমে বিষয়টি বুঝতে না পেরে চিকিৎসক কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে বোর্ডিং পাসে স্বামীর নাম দেখতে পান তিনি। তখন যুবক মুখের মাস্ক খুলে দেন। স্বামীকে সামনে দেখেই আনন্দে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন চিকিৎসক।
ভিডিওতে ওই যুবক ও নারীকে স্বামী-স্ত্রী হিসেবে দাবি করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, ভিডিওটি রাহুল_বাবু_১এম_ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব থেকে প্রকাশ করা হয়। এরই মধ্যে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছে। আবেগঘন এই পুনর্মিলনের দৃশ্য দেখে অনেকে মন্তব্যও করেছেন।
একজন লিখেছেন, এত বছর পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দ সবাই অনুভব করতে পারেন না। আরেকজন জানান, ভিডিওটি দেখে তার চোখে পানি চলে এসেছে। অন্য একজন এই ঘটনাকে অসাধারণ ও হৃদয়ছোঁয়া মুহূর্ত হিসেবে মন্তব্য করেছেন।
প্রবাসজীবনের দীর্ঘ বিচ্ছেদ, অপেক্ষা ও কষ্টের মধ্যে ছয় বছর পর স্বামীর এমন চমকপ্রদ ফিরে আসার দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগের কেন্দ্র হয়ে উঠেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত