মোঃ শাহ আলমঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনে সংস্কার করা হয়েছে কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ। সংস্কার শেষে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ব্রিজটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে সংস্কারের পর ব্রিজটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ রেখে শুধু পথচারীদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিজটির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন খোকন এবং কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক ও ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ নাঈম।
১৪৫ মিটার দৈর্ঘ্য ও ৪ দশমিক ২ মিটার প্রস্থের গুরুত্বপূর্ণ এই ব্রিজটি কামরাঙ্গীরচরের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। স্থানীয়দের দাবি অনুযায়ী, প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ব্রিজটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে ব্রিজটির বিভিন্ন অংশ জরাজীর্ণ থাকায় পথচারীদের চলাচলে দুর্ভোগ ও নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল। দ্রুত সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম বলেন, কামরাঙ্গীরচরের মানুষের দৈনন্দিন যাতায়াতে লোহার ব্রিজটির গুরুত্ব অনেক। দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন থাকলেও বিভিন্ন কারণে কাজটি বিলম্বিত হয়েছে। এলাকাবাসীর প্রয়োজন বিবেচনায় নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
কামরাঙ্গীরচরের মানুষের দীর্ঘদিনের প্রয়োজনের কথা বিবেচনা করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ব্রিজটি সংস্কারের জন্য সুপারিশ করেছিলেন। তার সুপারিশের পর ডিএসসিসির নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনে সংস্কারকাজ সম্পন্ন করা হয়।
পুরোনো এই লোহার ব্রিজটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, কামরাঙ্গীরচরের একটি ঐতিহ্যবাহী স্থাপনাও। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর ঐতিহ্য সংরক্ষণ করা প্রয়োজন। ব্রিজটির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ব্রিজটির নিচ দিয়ে কোনো নৌযান চলাচল করে না। ফলে মানুষের পারাপারের জন্য ব্রিজটি যথাযথভাবে ব্যবহার করা গেলে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এর স্থায়িত্ব বজায় রাখা সম্ভব হবে।
সংস্কারকৃত ব্রিজটির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে অতিরিক্ত চাপ ও অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তকে ব্রিজটির নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক বিষয় তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে কামরাঙ্গীরচরের অবকাঠামোগত উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংস্কার শেষে ব্রিজটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, শুধু উদ্বোধনের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে ব্রিজটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে কামরাঙ্গীরচরের যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত