মোঃ শাহ আলমঃ
ঢাকার সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হৃদয়ে ঢাকা–৪১৬ উদযাপনের অংশ হিসেবে বর্ণিল ঢাকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরান ঢাকার রাজপথ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
শোভাযাত্রাটি পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়। এতে ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নগরজীবনের নানা অনুষঙ্গ তুলে ধরা হয়।
শোভাযাত্রায় উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর।
শোভাযাত্রায় বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয় ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, যানবাহন ও নগরজীবনের নানা চিত্র। এর মধ্যে ছিল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুটি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেটের প্রতিকৃতি।
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ঢাকার পত্তন ও বিকাশে অবদান রাখা ঐতিহাসিক ব্যক্তিত্বদের রূপায়ণ। রানি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নীলা রাগ (রায়), নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির মতো ঐতিহাসিক চরিত্রের আদলে সাজেন অংশগ্রহণকারীরা। তাদের উপস্থিতি ঢাকার অতীত ইতিহাসকে যেন জীবন্ত করে তোলে।
এ ছাড়া পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির প্রতীক হিসেবে বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতিও প্রদর্শন করা হয়। ঢাকার পুরোনো যাতায়াত ব্যবস্থার স্মৃতিবাহী স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির প্রদর্শনীও শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হবে এবং ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী হয়ে উঠবে। বর্ণিল এ শোভাযাত্রার মধ্য দিয়ে হৃদয়ে ঢাকা–৪১৬ উদযাপন পেয়েছে নতুন মাত্রা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত