স্টাফ রিপোর্টার: আবারও আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন শিশুসহ একই পরিবারের তিনজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. জাহাঙ্গীর (৩২), তার স্ত্রী বিউটি আক্তার (২৮) ও তাদের শিশুকন্যা তোহা (৫)।
স্থানীয়রা জানান, সকালে নাস্তা তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী, স্ত্রীসহ তাদের কন্যা সন্তান দগ্ধ হয়। তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, দগ্ধদের মধ্যে বিউটির শরীরের ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের ৯১ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের শ্বাসনালী পুড়ে গেছে।
তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।
এর আগে গত শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় দগ্ধ আটজন আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত