স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন এলাকায় বৃহৎ দুই রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী—আয়োজিত পৃথক সমাবেশে অংশ নিচ্ছে তাদের শ্রমিক অঙ্গসংগঠনগুলো।
বৃহস্পতিবার (১ মে) সকালে নয়াপল্টনে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এবং পুরনো পল্টনে জামায়াতের ঘনিষ্ঠ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পৃথকভাবে সমাবেশ করছে।
মহান মে দিবসকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জমায়েত হচ্ছিলেন শ্রমিক দলের নেতাকর্মীরা।
দুপুর ২টায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য রাখবেন।
সমাবেশে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি উপস্থাপন করবে বলে জানা গেছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশ হলেও দীর্ঘদিন পর এটি বিএনপির মাঠের কর্মসূচি। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার থাকা বিএনপি এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়েও দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
অন্যদিকে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সঙ্গে যুক্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পল্টন মোড়ে আসেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৯টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শ্রমিক দিবসের অনুষ্ঠান শুরু হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিন সকাল ৮টার পর থেকেই রাজধানীর বাড্ডা, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মগবাজার থেকে নেতাকর্মীরা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান নিয়ে পল্টন মোড়ে জড়ো হন।
শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখছেন। সকাল ১১টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত