রংপুর সংবাদদাতা:
রংপুরে অবৈধ বালুর পয়েন্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় নুর মোহাম্মদ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের সাতানী শেরপুর ছিটমহল এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুর মোহাম্মদ ওই এলাকার লিয়াকত আলীর ছেলে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কি কারণে শিশুদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ নুর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত শিশু মারুফের বাবা জাকিরুল ইসলাম ও মা রাশেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। তারা এর বিচার চান। গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান সাংবাদিকদের বলেন শিশু মারুফ মিয়ার গলায় একটি বোতল ও রশি পেঁচানো ছিল। ওসি আল এমরান বলেন দুটি শিশুর লাশ আমরা উদ্ধার করেছি। তাদের মৃত্যু নিয়ে সন্দেহ আছে।
গত মঙ্গলবার বিদ্যালয়ে ছুটি থাকায় সকালের দিকে দুই শিশু খেলতে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর গতকাল বুধবার বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী আজহারুল ইসলামের বালু তোলার গর্ত থেকে মারুফের মরদেহ উদ্ধার করেন। পরে একই জায়গা থেকে স্থানীয় লোকজন ও গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আরেক শিশু আবদুর রহমানের মরদেহ উদ্ধার করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত