নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন পশ্চিম মনতলা এলাকার মো. খোকন মিয়ার ছেলে ও খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসা মাঠে ফুটবল খেলায় ফাউল করাকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে রামপুর এলাকার তায়েব ও পরশের বাকবিতণ্ডা হয়। পরদিন বিকেলে তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন রিয়াদের ওপর হামলা চালায়। পরে তাকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পরপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা খোকন মিয়া বলেন, ফুটবল খেলার দ্বন্দ্বের জেরে আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি দোষীদের ফাঁসি চাই।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে বিশেষ করে বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত