কক্সবাজার সাংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র্যাব। অভিযানে বিভিন্ন সময় অপহৃত এবং সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় মানব পাচারকারীরা পাহাড় থেকে যৌথবাহিনীর ওপর গুলি ও পাথর নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তোলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণের প্রবণতা বেড়ে চলেছে। এগুলো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সক্রিয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালায়।
লে. কর্নেল আশিক বলেন, রাজারছড়া গহীন পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেললে পাচারকারীরা গুলি ও পাথর নিক্ষেপ করে। পরে অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার এবং চার পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, অভিযান থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত