বরিশাল সাংবাদদাতা:
বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যা করে মরদেহ গুমের দায়ে স্বামী সোহরাব হোসেন আকনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন আকন বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত লাল মিয়া আকনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাচ্চু জানান, যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার ছিলেন সোহরাবের দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমা। ২০১৩ সালের ১ ডিসেম্বর সোহরাব দুই লাখ টাকা যৌতুকের জন্য লিমাকে গলা টিপে হত্যা করে এবং পরে মরদেহ গুম করে।
এ ঘটনায় নিহতের বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জুবায়ের তদন্ত শেষে ২০১৪ সালের ২০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত