জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী (শেরপুর):
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সমিতিগুলোর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।
এরপর তেপান্তর হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এম এ রায়হান, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ অনেকে অংশ নেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায় সংগঠনগুলো কেবল ঋণ প্রদান নয়, বরং স্বাবলম্বিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করে আসছে।
তারা আরও বলেন, যারা এখনও কর্মসংস্থানের সুযোগ পাননি, তারা সমবায়ের ঋণ সহযোগিতায় আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন। আর যারা ইতিমধ্যে স্বাবলম্বী হয়েছেন, তারাও সমবায়ের মাধ্যমে তাদের উদ্যোগ আরও সম্প্রসারিত করতে পারেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত