প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৩:৪৭ পি.এম
নিউজিল্যান্ডের কাছে হেরে গেল ইংল্যান্ড
স্পোর্টস রিপোর্ট:অ্যাশেজ শুরুর আগে আবারও ব্যর্থ ইংল্যান্ড। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ধবলধোলাই এড়ানোর মিশনে নেমে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে লজ্জায় পড়ল সফরকারীরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধস নামে ইংলিশ ব্যাটিং লাইনআপে। মাত্র ১১ ওভারের মধ্যেই ৪৪ রানে পাঁচ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ইংল্যান্ড। টপ অর্ডারে জেমি স্মিথ (৫), বেন ডাকেট (৮), জো রুট (২), হ্যারি ব্রুক (৬) এবং জেকব বেথেল (১১)পাঁচজন মিলে করেন মাত্র ৩২ রান।
তবে দলের বিপর্যয়ের মাঝে লড়াই চালিয়ে যান জেমি ওভারটন। ধারাবাহিকভাবে দ্বিতীয় ম্যাচেও দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৬২ বল থেকে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এ ছাড়া অধিনায়ক জস বাটলার (৩৮) ও ব্রাইডন কার্স (৩৬) কিছুটা প্রতিরোধ গড়লেও ৪১তম ওভারে ২২২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের সূচনা ছিল দুর্দান্ত। ডেভন কনওয়ে (৩৪) ও রচিন রবীন্দ্র (৪৬) মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৭৮ রান। তবে দুজন দ্রুত আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। বিনা উইকেটে ৭৮ রান থেকে একসময় ১৪৭ রানেই ৫ উইকেট হারায় কিউইরা। তবে ড্যারিল মিচেল ও মিচ স্যান্টনার দলকে এগিয়ে নেন। শেষ দিকে কিউইরা দ্রুত তিন উইকেট হারালে ম্যাচে খানিক নাটকীয়তা আসে। ২৭ রান দরকার থাকতে নিউজিল্যান্ডের হাতে ছিল মাত্র দুই উইকেট। তবে জাক ফোকস (১৪*) ও ব্লেয়ার টিকনার (১৮*) ঠাণ্ডা মাথায় ৩২ বল হাতে রেখে দলকে জয় এনে দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত