নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং সংশ্লিষ্ট তিনটি পৌরসভায় নবগঠিত বিএনপির কমিটি স্থগিতের দাবি জানিয়েছেন দলটির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। তারা অভিযোগ করেছেন, নতুন ঘোষিত কমিটিগুলোতে আওয়ামী লীগের পদধারী ও বিএনপি থেকে বহিষ্কৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ কমিটিতে রাজপথে লড়াই করা নেতাদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।

এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগপত্র ০২ নভেম্বর (শনিবার) ২০২৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর পাঠানো হয়েছে, যা দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী-এর মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৩ অক্টোবর ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। তবে তিন উপজেলা ও তিন পৌরসভা কমিটিতে প্রায় ৬০ থেকে ৭০ জন আওয়ামী লীগের পদধারী নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।
অভিযোগে বলা হয়েছে, বিগত ১৬ বছর রাজপথে যারা বিএনপির পতাকা উচিয়ে রেখেছেন, জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আপোষ করা ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এমনকি বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা মিরাজুল ইসলাম মিল্টন ও সাইফুর রহমানকে সহসভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে। চিঠিতে আরও দাবি করা হয়, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীসহ ফরিদপুর-১ আসনের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে সংগঠনকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।

বিএনপি চেয়ারপারসনের দপ্তরে জমা দেওয়া ওই অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন ফরিদপুর-১ আসনের দুই মনোনয়নপ্রত্যাশী জয়দেব কুমার রায় ও মো. শামসুদ্দীন মিয়া ঝুনু। তারা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছেন, বিতর্কিত এই কমিটি অবিলম্বে স্থগিত করে রাজপথে সংগ্রামী নেতাকর্মীদের নিয়ে নতুন করে কমিটি পুনর্গঠন করার জন্য।

সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত