মো: মহিব্বুল্লাহঃ
জমকালো আয়োজন, বর্ণিল পরিবেশ আর নতুন স্বপ্নের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সমাবর্তনে গ্রাজুয়েটদের সার্টিফিকেট তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, অভিভাবকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সদ্য গ্রাজুয়েটদের উদ্দেশে ড. আনম এহসানুল হক মিলন বলেন, দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে আপনারা আজ গ্রাজুয়েট হয়েছেন। কিন্তু মনে রাখবেন, এটা কোনো শেষ নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। আজকের বিশ্ব আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত পরিবর্তিত হচ্ছে। আপনাদের সাফল্য নির্ভর করবে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, পরিশ্রম, সহনশীলতা ও সময়ের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর সক্ষমতার ওপর। একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির আহ্বান।
বিশেষ অতিথি ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, অতীশ দীপঙ্করের জ্ঞান, মানবতা ও প্রজ্ঞার আদর্শ ধারণ করে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের উন্নত বাংলাদেশের উপযোগী নাগরিক গড়ে তুলছে। তিনি বলেন, একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, আজ আমাদের জন্য আনন্দের দিন হলেও একই সঙ্গে দায়িত্বেরও দিন। দেশে ৪০ লাখ উচ্চশিক্ষিত বেকার—এ বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। তাই আমরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিশেষ দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই), যেখানে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক দক্ষতা, ডিজিটাল সক্ষমতা ও ভোকেশনাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই—তারুণ্যে বিনিয়োগ। তরুণদের শিক্ষায় বিনিয়োগই দেশের সমৃদ্ধির মূল সূত্র, বলেন তিনি।
সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ মোট ২ হাজার ৩২৬ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন ও মাস্টার্স ডিগ্রি প্রদান করেন। এছাড়া ২৭ জনকে দেওয়া হয় বিশেষ অ্যাওয়ার্ড।
তিনি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন।
সাংস্কৃতিক পরিবেশনা ও লেজার শো
সমাবর্তন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় লেজার শো আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর আনন্দ ছড়িয়ে দেয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত