মো: শাহ আলমঃ পুরান ঢাকার লালবাগ শহীদ নগর এলাকায় গত ৯ ডিসেম্বর (সোমবার) বিকেলে ছুরিকাঘাতে মো. হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তুচ্ছ বিষয় নিয়ে চলা একটি ঝগড়া মেটাতে গিয়ে তিনি হামলার শিকার হন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হোসেন লালবাগ শহীদ নগরের ২ নম্বর গলি (চা আলা গলি) এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একটি চুরির কারখানায় কাজ করতেন। তার পরিবার অত্যন্ত দরিদ্র ও অসহায়। নিহত যুবকের বাবা একজন ভ্যান গাড়িতে সবজি বিক্রেতা, যিনি ছেলের মৃত্যুতে এখন পুরোপুরি দিশেহারা ও নিঃস্ব। তাদের সংসার অত্যন্ত কষ্টের মধ্যে চলছিল।
যেভাবে ঘটলো হত্যাকাণ্ড
নিহত হোসেনের বোন জানান, ঘটনার দিন আবির নামে এক যুবকের সঙ্গে অন্য এক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল। তাদের সেই ঝগড়া মেটানোর উদ্দেশ্যেই হোসেন ঘটনাস্থলে গিয়েছিলেন। ঝগড়া মেটানোর সময় আবিরের সঙ্গে হোসেনের কথা কাটাকাটি শুরু হয়। এই কথা কাটাকাটির জের ধরেই আবির ও তার বন্ধুরা মিলে হোসেনকে ছুরিকাঘাত করে। রক্তক্ষরণজনিত কারণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত হোসেনের বাবা, যিনি সবজি বিক্রি করে সংসার চালাতেন, তিনি ছেলে হত্যার বিচার চেয়ে এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তার একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন।
অসহায় বাবা জানান, আমার ছেলে সংসারের হাল ধরেছিল। ওকে হারিয়ে আমি এখন সম্পূর্ণ নিঃস্ব। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত