ডেস্ক রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা,নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
ইসি সূত্র জানায়, আজ রোববার (২১ডিসেম্বর) দুপুর ১২টায় সেনা,নৌ ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
শনিবার (২০ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান,রোববার দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে বেজমেন্টে গণমাধ্যমে এ বিষয়ে ব্রিফিং করা হবে।
এ বিষয়ে শনিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা-সংক্রান্ত একটি সভা ২১ডিসেম্বর সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
সভার আলোচ্য সূচি হলো,নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথবাহিনীর কার্যক্রম। প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা হবে। এ ছাড়াও বিবিধ বিষয়ে আলোচনা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত