আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গত শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন।
ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডুজারিক বলেন,তরুণ নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব নিন্দা জানিয়েছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ডুজারিক আরো বলেন,জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত,নিরপেক্ষ,পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
ব্রিফিং মতে,আন্তোনিও গুতেরেস সবাইকে শান্ত থাকারও আহবান জানিয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকা,উত্তেজনা কমানো এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ডিসেম্বর শরিফ ওসমানকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গত শুক্রবার সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ ঢাকায় আনা হয়েছে। গতকাল শনিবার পরিবারের চাওয়া অনুযায়ী হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত