স্টাফ রিপোর্টার॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা হয়েছেন। এভারকেয়ারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।
আজ বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে বহনকারী একটি সাদা গাড়ি গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে বের হয়। এর আগে আজ লন্ডন থেকে ঢাকায় বিমানবন্দরে নামেন তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান। তারেক রহমান বিমানবন্দর থেকে চলে যান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধনাস্থলে। আর বিমানবন্দর থেকে জুবাইদা ও জাইমা গুলশানে চলে যান। দুপুর ১২টা ৫৭ মিনিটে তাঁরা গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে ঢোকেন। তখন সময় জাইমা হাত নেড়ে উপস্থিত মানুষদের শুভেচ্ছা জানিয়েছিলেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ফিরোজার পাশেই ১৯৬ নম্বর বাড়িটি। সেখানে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে। আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
এভারকেয়ারের সামনে নেতা–কর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার:
মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ খবরে হাসপাতালের সামনে দলটির নেতা-কর্মীদের ভিড় জমেছে। ১৭ বছর পর দেশে ফেরা তারেককে একনজর দেখতে এসেছেন তাঁরা। হাসপাতালের সামনে আসা নেতা-কর্মীদের অনেকের পরনে দলের পতাকার সঙ্গে রং মিলিয়ে জার্সি। মাথায় ক্যাপ, কপালে ব্যান্ড। অনেকের হাতে দলের পতাকা, প্ল্যাকার্ড। কেউ কেউ দলের লোগো সংবলিত ব্যাজ পরে এসেছেন।
রাজধানীর ভাটারা থানা যুবদলের নেতা রতন মিয়া হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। বললেন, তারেক রহমানকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে। সব বয়সী মানুষ এসেছেন। ভিড় ক্রমশ বাড়ছে। বগুড়া থেকে এসেছেন আজিজুল হক কলেজছাত্র সংসদের সাবেক নেতা ওবায়দুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘তারেক রহমানকে দেখতে এসেছি। এই উচ্ছ্বাসের কথা মুখে প্রকাশ করা যাবে না। নুসরাত জাহান এসেছেন বাড্ডা থেকে। চল্লিশোর্ধ্ব এই নারী প্রথম আলোকে বলেন, ‘বিএনপি করি না। তবুও তারেক রহমানকে একবার দেখার জন্য এসেছি। এখানে এসে ঈদ ঈদ মনে হচ্ছে। ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন শরীফুজ্জামান। এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি মমতাজ বাজারে তাঁদের বাসা। শরীফুজ্জামান বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখতে এসেছি। সঙ্গে ছেলে-মেয়েকে এনেছি। ওরাও যাতে তারেক রহমানকে দেখতে পারে।
এদিকে বিএনপির নেতা-কর্মীদের ভিড়ের কারণে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত