আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানজুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। ইরানে চলমান সহিংস বিক্ষোভ গতকাল বৃহস্পতিবার ১২তম দিনে গড়িয়েছে। দেশটিতে গত কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ চলছে, যা সহিংস আন্দোলনে রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস জানিয়েছে, ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে।
ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে গ্রুপটি। তারা বলেছে, যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যাহত করা হচ্ছে।
ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা এখন পর্যন্ত চলছে। দিন যত যাচ্ছে বিক্ষোভের মাত্রা তত বাড়ছে। সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ২১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। সরকারি বিবৃতি আর স্থানীয় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এএফপি এ খবর দিয়েছে।
চরম অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্ন সুর দেখা যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ দমনে ‘সর্বোচ্চ সংযম দেখানোর’ আহ্বান জানিয়েছেন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দিতে হবে।’
ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেন এজেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করার’ অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘যারাই দেশে “অস্থিতিশীলতা সৃষ্টি করবে”, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’
ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি গতকাল সন্ধ্যায় সবাইকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, শাসকগোষ্ঠী বিক্ষোভ দমাতে আবারও ইন্টারনেট বন্ধের চেষ্টা করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত