ডেস্ক রিপোর্টঃ
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (২১জানুয়ারি) সকাল ১০টা ২৮মিনিটে ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন করেন লিখেছেন, শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?
পোস্টে শরিফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা লেখেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’ আমাদের বাংলাদেশে আমরা যারা বিচারের জন্য লড়াই করি তাদের লাইফটাইম প্রশ্ন এইটা ! ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার আর এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির। কতবার যে তারা পেছাবে, সেটা আল্লাহই জানে। তবে আমাদের স্পষ্ট কথা, বিচার আমরা নিশ্চিত করেই ছাড়বো। কত মাস, দিন, ঘণ্টা সময় নেবেন? হাদি হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কখনো কারও জন্য মানুষ কাঁদবে না, রাস্তায় নামবে না, লড়াই করবে না। এখন আসি অন্য কথায়, আপনারা যদি ভাবেন হাদির পরিবারকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি করে বিচার কাজ বন্ধ করবেন, তাহলে সেটা আপনাদের চরম বোকামি।
হাদি কি আর তার পরিবারের একার আছে? সে তো সারা বাংলাদেশের। পুরো বাংলাদেশের মানুষ জানে কোথায় সমস্যা আর কেন দেরি হচ্ছে বিচার কাজে। আপনারা যত দেরি করবেন আমরা তত বেশি ঐক্যবদ্ধ হবো।
তিনি আরও লেখেন, সরকার কী দিচ্ছে না দিচ্ছে, এসব ব্যাপারে আমি পুরোপুরি অবগত নই, আর এসবে আমার আগ্রহও নেই। আমার কনসার্ন হলো, যে কোনো কিছুর বিনিময়ে আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার আর তার রেখে যাওয়া আমানত আমার ছেলে ফিরনাসের সিকিউরড ভবিষ্যৎ। এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত