কুমিল্লা প্রতিনিধি॥
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতনে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুড়িচং উপজেলা পর্যায়ের নেতা শরীফ ইসলামকে এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
অভিযুক্ত শরীফ ইসলাম পাঁচোড়া গ্রামের মরহুম আব্দুল হাকিমের ছেলে। স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন এবং স্থানীয় কয়েকজন বিএনপি নেতার যোগসাজশে লক্ষাধিক টাকার আর্থিক লেনদেনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জুলাই আন্দোলন ও ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্বাসনের অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো অর্থ লেনদেন হয়নি। কয়েকটি গ্রামের বাসিন্দাদের সম্মতির ভিত্তিতেই তাকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরও একই সুরে কথা বলেন। তিনি দাবি করেন,শরীফ ইসলাম মেধাবী হওয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সে কখনো ছাত্রলীগ করেনি। গ্রামের মানুষ বসেই তাকে সমর্থন দিয়েছে। বিদ্যালয়ের প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের এক নেতা বলেন,“জুলাই আন্দোলনের সময় এবং ৫ আগস্টের আগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে সাধারণ শিক্ষার্থীরা অতিষ্ঠ ছিল তারমধ্যে অন্যতম হলো এই শরীফ, সে আওয়ামিলীগ নেতা সাজ্জাদ চেয়ারম্যান এর একনিষ্ঠ কর্মী ও সমর্থক হিসাবে পরিচিত। এখন তাদেরকে স্কুলে চাকরি দিয়ে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এটা শহীদ প্রায় দুই হাজার শিক্ষার্থীর রক্তের সঙ্গে বেঈমানি।
তিনি আরও বলেন,এই নিয়োগ বহাল রাখা হলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত