স্পোর্টস ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনেই যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের আয়োজক ভারত। তবে বিশ্বকাপে নামার ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেয়েছে রোহিত-সূর্যকুমারদের শিবির। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তরুণ পেসার হার্ষিত রানা। তার জায়গায় ডাক পেয়েছেন দীর্ঘ দিন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর হার্ষিত রানাকে বিশ্বকাপের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রানা। এক ওভারের বেশি বল করতে পারেননি তিনি। সেই ওভারেই খরচ করেন ১৬ রান।
রানআপে দুই দফা সমস্যা হওয়ার পর স্পষ্ট অস্বস্তিতে মাঠ ত্যাগ করেন এই ডানহাতি পেসার। স্ক্যান রিপোর্টের অপেক্ষায় থাকলেও বিষয়টি নিয়ে শঙ্কার কথা আগেই জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেছিলেন, ‘হার্ষিত পুরোপুরি ভালো আছে বলে মনে হচ্ছে না। যদি সে ছিটকে যায়, আমাদের জন্য বড় ধাক্কা হবে।
তবে আমাদের বেঞ্চ শক্তিশালী।’ শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। বিসিসিআই রানার স্থলাভিষিক্ত হিসেবে সিরাজের নাম ঘোষণা করেছে। সংক্ষিপ্ত সংস্করণের দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য ছিলেন সিরাজ। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ভারতের হয়ে ১৬ ম্যাচে ৭.৭৯ ইকোনমিতে তার উইকেট ১৪টি। তবে আইপিএলে অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী-১৬০ ম্যাচে ৮.২৫ ইকোনমিতে নিয়েছেন ১৮৩ উইকেট।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত