বিনোদন ডেস্কঃ
ব্যস্ততম ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় চার ঘণ্টার অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখা হবে।
তিনি আরও বলেন পোস্ট-অপারেটিভ পর্যায়ে নানা জটিলতা দেখা দিতে পারে। এ কারণে এই মুহূর্তে তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন সফল অস্ত্রোপচারের পর রোগীকে নির্দিষ্ট সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যেই রাখা হবে। এ সময় হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধ জানানো হয়েছে।
ব্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তিনি। পোস্টে দেখা যায় হাসপাতালের বিছানায় বসে ফুলের তোড়া দিয়ে মুখ ও মাথা ঢেকে আছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে।
ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ঘাসফুল সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দাগিরি চলচ্চিত্রে দেখা যায় তাকে। দীর্ঘ বিরতির পর নির্মাতা রায়হান খান-এর পরিচালনায় ট্রাইব্যুনাল সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার কথা ছিল তার। ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। এখন সবার অপেক্ষাসুস্থ হয়ে কবে আবার অভিনয়ে ফিরবেন প্রিয় এই অভিনেত্রী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত