মিজানুর রহমানঃ
শেরপুরে একটি ভাঙারির দোকান থেকে মাদ্রাসার বিপুল পরিমাণ সরকারি নতুন পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। রবিবার সন্ধ্যায় শহরের নওহাটা এলাকায় ‘মেসার্স রোকেয়া আয়রন স্টোর’ নামের একটি ভাঙারির দোকানে অভিযান চালিয়ে এসব বই জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক ও পুলিশ এই অভিযান পরিচালনা করেন। এ সময় ২০২৫ শিক্ষাবর্ষের মাদ্রাসার বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার বই জব্দ করা হয়।
অভিযানের খবর টের পেয়ে সটকে পড়েন দোকানের মালিক আবদুর রহিম ও কর্মচারীরা। পরে গোডাউনটি সিলগালা করে দেয় প্রশাসন। এলাকাবাসীর অভিযোগ, আবদুর রহিমের মালিকানাধীন ওই দোকানে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, গত বছর বইসংকটের কারণে শিক্ষার্থীরা সব বই পায়নি। অথচ এই চক্রটি নতুন বই লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে। আমরা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
দোকানের ভ্যানচালক তজি মিয়া জানান, মালিকের নির্দেশে তিনি বইগুলো নিয়ে এসেছিলেন। তবে এগুলো সরকারি কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যানভর্তি নতুন বই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বলেন, বইগুলো জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার বই। বিষয়টি তদন্ত করার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত