ইসমাইল মাহমুদঃ
সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ৯৭৩টি প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।
এ জেলায় অনিয়ম ও দুর্নীতির জন্য তালিকাভূক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুলাউড়া উপজেলার কুলাউড়া সরকারি কলেজ, একই উপজেলার লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়, বড়লেখা উপজেলার কেছরিগুল উচ্চ বিদ্যালয়, একই উপজেলার তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয় এবং শ্রীমঙ্গল উপজেলার দ্যা বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল এন্ড কলেজ। প্রকাশিত প্রতিবেদনে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর (আইটি) সংক্রান্ত আর্থিক অনিয়ম।
প্রতিবেদনগুলোর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ই-মেইলেও পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, শিক্ষা বোর্ড, ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের কাছেও ই-মেইলে প্রতিবেদন পাঠানো হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন না পেলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করতে পারবে। সেখান থেকেও সংগ্রহ সম্ভব না হলে প্রতিষ্ঠানের লেটারহেডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করে তার অনুলিপি director@dia.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত