মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতি, বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও ট্যাংক লরি মালিক গ্রুপের নেতৃবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। মহাসড়কে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীসেবা নিশ্চিত করতে তিনি পরিবহন সংশ্লিষ্টদের প্রতি কঠোর ও মানবিক দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ যেন কারো জন্য বিষাদে পরিণত না হয়। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামানো চলবে না। চালক ও শ্রমিক ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা যাত্রীদের সাথে মানবিক আচরণ করবেন এবং আইন মেনে গাড়ি চালাবেন। জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা মাঠে থাকবে।
মতবিনিময় সভায় আসন্ন ঈদকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে উল্লেখযোগ্য, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের বিশেষ টিম মোতায়েন, যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধে কঠোর নজরদারি, ফিটনেসবিহীন যান চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করা, মহাসড়কে যাত্রী ও যানবাহনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ।
সভায় উপস্থিত সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতি এবং বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে তারা জেলা পুলিশের সাথে পূর্ণ সমন্বয় রেখে কাজ করবেন এবং শ্রমিকদের সচেতন করার উদ্যোগ নেবেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক ও ট্যাংক লরি মালিক গ্রুপের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা পুলিশ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর বলে জানান সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত