মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, রামগড় অফিসের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম, করিম।
সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হলেও দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা এখন বিশ্বে প্রশংসিত। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো মানবসৃষ্ট দুর্ঘটনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে এবং তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে তুলতে হবে। এ সময় রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রদর্শন করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে মহড়াটি পর্যবেক্ষণ করে এবং প্রাথমিক অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে ধারণা লাভ করে।
এতে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া, আইসিটি কর্মকর্তা মো. রেহান উদ্দিন, উপজেলা এনসিপি সমন্বয়ক মো. হারুনুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জুলিয়াস চাকমা, তথ্যআপা ম্রাসুইনু চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত