নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত নামি পোশাক ব্র্যান্ড ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এর বিরুদ্ধে সাধারণ ভোক্তাদের পকেট কাটার দুর্ধর্ষ অভিযোগ উঠেছে। শিশুদের একটি সাধারণ টি-শার্টের গায়ে থাকা মূল দাম ঘষে-মুছে তার ওপর কয়েকগুণ বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রির প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ আদায় এবং আমদানিকারকের তথ্য গোপন করার মতো গুরুতর অনিয়ম এখন প্রতিষ্ঠানটির নিত্যদিনের চিত্র।
গত ১৬ মার্চ ২০২৬ তারিখে এই প্রতারণার শিকার হন ‘দৈনিক সবুজ বাংলাদেশ’-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ। তিনি ইতিমধ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যথাযথ তথ্যপ্রমাণসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আকাশচুম্বী জালিয়াতি ও ভ্যাট আতঙ্কঃ
অভিযোগ সূত্রে জানা গেছে, খিলগাঁও তালতলাস্থ ওই আউটলেট থেকে তিনি ভারতের ‘বামবিনি’ (Bambini) ব্র্যান্ডের একটি শিশুদের টি-শার্ট ক্রয় করেন (ইনভয়েস নং: SLORD2026-0221000844)। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, পণ্যটির আসল ট্যাগ থেকে প্রকৃত মূল্য অত্যন্ত সুকৌশলে মুছে ফেলা হয়েছে। এরপর সেখানে ২৩৫০ টাকার একটি নতুন স্টিকার সেঁটে দেওয়া হয়েছে, যা সরাসরি ভোক্তা অধিকার আইনের ৪০ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
প্রতারণার এখানেই শেষ নয়; পণ্যের গায়ের সেই বিতর্কিত মূল্যের বাইরেও গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ২৩৫ টাকা ভ্যাট আদায় করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী, এমআরপি (MRP) বা খুচরা মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকার কথা থাকলেও কান্ট্রি বয় লাইফস্টাইল তা মানছে না।
নেই আমদানিকারকের হদিসঃ
সরকারি আইন অনুযায়ী, আমদানিকৃত পণ্যের মোড়কে আমদানিকারকের নাম, ঠিকানা ও বিস্তারিত তথ্য থাকা বাধ্যতামূলক। তবে কান্ট্রি বয়ের ওই আউটলেটে বিক্রি হওয়া পোশাকে এ ধরনের কোনো তথ্যের বালাই নেই। এতে করে প্রশ্ন উঠেছে, এসব পণ্য কি তবে অবৈধ পথে দেশে আসছে?
শাস্তির দাবিঃ
ভোক্তা অধিকার সচেতন মহল মনে করছেন, আভিজাত্যের আড়ালে এ ধরনের জালিয়াতি সাধারণ মানুষের সাথে চরম প্রতারণা। একজন সচেতন গ্রাহক হিসেবে মোহাম্মদ মাসুদ বলেন, "একটি স্বনামধন্য আউটলেট যখন এভাবে স্টিকার জালিয়াতি করে দাম বাড়ায়, তখন সাধারণ মানুষের যাওয়ার জায়গা থাকে না। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত