মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ রাস্তার পাইলিং কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রধান পিচের রাস্তার নিচের এই পাইলিং কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং দায়সারাভাবে কাজ করার ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরে জমিনে দেখা গেছে গঙ্গারামপুর ৩নং ওয়ার্ডের প্রধান পিচের রাস্তাটি টেকসই করার লক্ষ্যে পাইলিংয়ের কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, পাইলিংয়ে যে পরিমাণ রড, সিমেন্ট এবং বালু দেওয়ার কথা ছিল, তার ধারেকাছেও যাওয়া হয়নি। নামমাত্র পাইলিং করে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্নীতির খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে উক্ত কাজের সঠিক সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে । তাদের অভিযোগ, রাস্তার নিচের পাইলিং যদি মজবুত না হয়, তবে সামান্য বর্ষাতেই রাস্তাটি ধসে পড়বে এবং সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে। স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা টেকসই রাস্তা চাই, লুটপাটের রাজনীতি চাই না। এই পাইলিংয়ের কাজ পুনরায় সঠিক তদারকির মাধ্যমে করতে হবে।"
এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। দুর্নীতির এই বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ। যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত