মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। সোমবার র্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।
গ্রেফতারকৃতরা হলেন-রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম এবং মোক্তার হোসেনের ছেলে মো. আবুল হাসান। র্যাব জানায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫১ হাজার টাকার জাল নোটসহ ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার হাকিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ অধিনায়ক জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছাড়ার উদ্দেশ্যে এসব জাল নোট প্রস্তুত করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত