শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার ভোরের এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও অভিযুক্ত পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে এ ঘটনা পর থেকে হাসপাতাল চত্বরে উত্তেজনা বিরাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার ভোরে বিষপান করা এক রোগীকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর স্বজনরা। ভুক্তভোগী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুপম মজুমদারের অভিযোগ, রোগীর চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে কথা বলার একপর্যায়ে স্বজনরা হঠাৎ উত্তেজিত হয়ে তাঁর ওপর চড়াও হন।
হামলাকারীরা কক্ষের ভেতরে থাকা চেয়ার ও কাঠের টুল দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে জখম হন এবং একই সময়ে জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করা হয়। সহকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত ওই চিকিৎসককে হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মোঃ হাফিজুর রহমান মানিক হোসেন (৩৭) নামে একজনকে আটক করেছে। তবে অভিযুক্তদের একজন মোহাম্মদ সজীব মিয়া শান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, মুমূর্ষু রোগী ফেলে রেখে চিকিৎসক মোবাইলে ব্যস্ত ছিলেন এবং চিকিৎসার অবহেলার কারণেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি আরও দাবি করেন, বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালের ভেতরে এমন সহিংসতা স্বাস্থ্যসেবা পরিবেশের জন্য চরম ক্ষতিকর এবং এটি কর্মী ও রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি এই ঘটনার একটি স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন যাতে প্রকৃত দোষীরা আইনের আওতায় আসে। মোংলা থানার এএসআই মোঃ মহররম আলি জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে অন্য অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। বর্তমানে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত