মিম আক্তার:
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার কমফোর্ট হাউজিংয়ে এর একটি ৭তলা আবাসিক ভবনে অনুমোদিত নকশা লঙ্ঘন করে অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভবনটির অনুমোদিত নকশায় মোট ১২টি ফ্ল্যাট নির্মাণের অনুমতি থাকলেও বাস্তবে দেখা গেছে, অনুমোদিত সংখ্যার বাইরে আরও ৭টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। জি+৬=৭তলা এই ভবনে মূল নকশা অনুযায়ী ৬টি ফ্লোরে মোট ১২টি ফ্ল্যাট নির্মাণের অনুমতি থাকলেও বাস্তবে সেখানে ১৯টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। এছাড়াও ভবনের ছাদে অতিরিক্ত আরো ২টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। এতে করে ভবনটিতে মোট ফ্ল্যাটের সংখ্যা দাঁড়িয়েছে ২১টিতে যা অনুমোদিত সংখ্যার চেয়ে ৯টি বেশি।
সূত্রমতে প্রতিটি ফ্ল্যাটের বাজার মূল্য আনুমানিক ৭ থেকে ৮ কোটি টাকা, ফলে অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নেওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ভবনের সামনের অংশে অতিরিক্তভাবে ২টি দোকানের জন্য স্থান রাখা হয়েছে, যা আবাসিক ভবনের মূল নকশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনের মালিক আতাউর রহমানের কাছে অনুমোদিত নকশা দেখতে চাইলে তিনি তা প্রদর্শনে অস্বীকৃতি জানান। ভবনের মালিকের দাবি, রাজউকের পক্ষ থেকে কোনো লিখিত নোটিশ না থাকায় তারা নকশা বা সংশ্লিষ্ট কোনো তথ্য দিতে বাধ্য নন। কিন্তু রাজউক আইন অনুযায়ী নকশা বিল্ডিং এর সামনে সাইনবোর্ড প্রদর্শিত থাকার কথা থাকলেও বাড়ির মালিক তা মানেননী।
এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট অথরাইজ ( জোন-৫) অফিসারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা ব্যবস্থা নিচ্ছি এমনকি আগেও তাদেরকে নোটিশ প্রদান করা হলেও তা তারা মানেননী।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অনিয়মিত নির্মাণ ভবনের নিরাপত্তা ঝুঁকি বাড়ানোর পাশাপাশি নগর পরিকল্পনার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা ভবনটির সঠিক তদন্ত, অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের মিল যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনবিহীন নির্মাণ শুধু আইনের লঙ্ঘনই নয়, এটি জননিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত