চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। রবিবার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামালখান লিচুতলা এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম’ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আমি গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। উনাকে আমি বলেছিলাম, এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দিব না। এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নিবে না। মন্ত্রী মহোদয়ও এ ব্যাপারে একমত হয়েছেন। উনি বলেছেন, পুরানো যে হাসপাতালটি আছে সেই হাসপাতালটি উনি দেখবেন। ওই হাসপাতালটির ইনফ্রাসট্রাকচার, দরকার হলে ওটা ভেঙে কিভাবে একটা সুন্দর হাসপাতাল করা যায়। এটাও আমাদের সময়ের দাবি যেহেতু ওই হাসপাতালে রোগী আসে না।মেয়র বলেন, এখানে আমরা ডেন্টাল কলেজের কথা বলেছি ইতিমধ্যে। একটা পূর্ণাঙ্গ মেডিকেল হাসপাতাল এবং কলেজের কথা বলেছি। কাজেই ওই জায়গায় আমরা হয়ত বা আশা করতে পারি পুরনো বিল্ডিংয়ে। কিন্তু নতুন কোন স্থাপনা সেখানে হবে না। এদিকে আজ রবিবার সকালে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে ‘সিআরবি রক্ষা মঞ্চ’।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত