মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তানভীর হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়নের বলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর রামগড় সদর ইউনিয়নের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালেই মায়ের সাথে বলিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু তানভীর। দুপুরের পর সবার অগোচরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
উদ্ধার করা পর শিশুটিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন আবদুর রহিম জানান, সকালেই খুশিমনে বেড়াতে এসেছিল শিশুটি। কিন্তু দুপুরের পর চোখের পলকে যে কী হয়ে গেল, কেউ টেরই পেল না। তানভীরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে মা ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে একটি শিশুর মরদেহ শনাক্তের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত