ডেস্ক রিপোর্টারঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে- এমন অভিযোগ তুলে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং যাচাই করে দেখা গেছে, প্রচারিত এসব নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পৃক্ততা নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়।
উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়ে থাকে। এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে নিয়োগের সুযোগ নেই। ইসলামিক ফাউন্ডেশন জানায়, একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত