মিজানুর রহমান, শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মরদেহটি বরগুনা সদরের বাসিন্দা শিপন হাওলাদারের।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, প্রায় ১৯ মাস আগে তিনি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আদালতের রায়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠানো হয়।
আগামী ২৮ এপ্রিল তাঁর কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই গত বৃহস্পতিবার কারাগারে অসুস্থ হয়ে পড়েন শিপন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুই দেশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে নাকুগাঁও সীমান্ত দিয়ে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত