শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ
সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের নির্মূলে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফায় পরিচালিত "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড"-এর আওতায় অভিযান চালিয়ে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটককৃত আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার শুকদারা বাজার এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানায়, আব্দুস সামাদ মোল্লা দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যুতার সঙ্গে জড়িত ছিল। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত