মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান। তিনি জানান, সরকার দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
তিনি আরও বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রশাসনিকভাবে পৃথক বিভাগ হওয়ায় আপাতত কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই হাসপাতালের নামও পরিবর্তন করা হবে বলে আশা করা হচ্ছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। নাম পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কার্যক্রম, নথিপত্র ও সরকারি যোগাযোগে নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত