মোঃ মাসুম বিল্লাহ
বর্তমানে নারী মাদ্রাসাগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাকে কেন্দ্র করে একদল মানুষ মাদ্রাসা বন্ধের দাবি তুলছেন। কিন্তু বাস্তবতা হলো, সমস্যা মাদ্রাসার মতো শিক্ষাপ্রতিষ্ঠানে নয়; সমস্যাটি হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনায়। তাই স্লোগান হওয়া উচিত মাদ্রাসা বন্ধ নয়, সিস্টেম পরিবর্তন চাই। সংস্কারের চার মূল প্রস্তাব নারীদের উচ্চশিক্ষার পরিবেশ নিরাপদ ও যুগোপযোগী করতে নিম্নোক্ত পরিবর্তনগুলো আনা এখন সময়ের দাবি:নারীদের মাধ্যমেই পরিচালনা: নারী মাদ্রাসা কোনো পুরুষের তত্ত্বাবধানে চলতে পারবে না। মাদ্রাসার প্রশাসনিক ও নীতি-নির্ধারণী সকল পর্যায়ে নারীদের হাতে ক্ষমতা থাকতে হবে।
আবাসিক ব্যবস্থার পরিবর্তে ডে-শিফট বা অনাবাসিক ব্যবস্থা চালু করতে হবে। মাদ্রাসার সময়সীমা নির্দিষ্ট করে (যেমন: সকাল ৭টা থেকে দুপুর ১টা) পরিচালনা করতে হবে। নারী মাদ্রাসায় কোনো পুরুষ শিক্ষক ক্লাস নিতে পারবেন না। আজকের যুগে নারীরা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট যোগ্য। তাই সম্পূর্ণ নারী শিক্ষিকাদের মাধ্যমেই পাঠদান পরিচালিত হওয়া আবশ্যক।
নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ: যেখানে পুরুষদের অবাধ যাতায়াত থাকে, সেখানেই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হয়। অপ্রয়োজনীয়ভাবে পুরুষদের সংশ্লিষ্টতা কমিয়ে এই ঝুঁকি শূন্যে নামিয়ে আনা সম্ভব। নারীরা আজ স্বাবলম্বী এবং মাদ্রাসার মতো প্রতিষ্ঠান পরিচালনার পূর্ণ সক্ষমতা তারা রাখে। তবে কেন সেখানে পুরুষদের উপস্থিতিতে ঝুঁকির সুযোগ রাখা হবে? যেখানে নিয়ম ভঙ্গ হবে, ব্যবস্থা নিতে হবে সেই ব্যক্তির বিরুদ্ধে; কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করা কোনো সমাধান হতে পারে না।
কেন এই পরিবর্তন জরুরি? সমাজে নারী মাদ্রাসার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে সেই পরিবেশ হতে হবে নিরাপদ, সুশৃঙ্খল এবং সম্পূর্ণ নারীকেন্দ্রিক। বর্তমানে বিভিন্ন স্থানে শিক্ষক কর্তৃক ছাত্রীদের হেনস্তার মতো যে অভিযোগগুলো উঠছে, তার মূলে রয়েছে ত্রুটিপূর্ণ সিস্টেম।
যেসব মাদ্রাসা এই নিয়মগুলো মানবে না বা যেখানে নিয়ম বহির্ভূতভাবে পুরুষদের প্রভাব থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। মাদ্রাসা শিক্ষার গরিমা রক্ষায় এবং ছাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সিস্টেমের আমূল পরিবর্তন এখন সময়ের দাবি। পরিশেষে, মাদ্রাসার বিরুদ্ধে নয়, আওয়াজ তুলুন অব্যবস্থাপনার বিরুদ্ধে। ভুল সিস্টেম বদলে দিলেই মাদ্রাসার পরিবেশ ইনশাআল্লাহ নিরাপদ হয়ে উঠবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত