ডেস্ক রিপোর্টঃ
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার ৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আদেশ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠনের এই আদেশের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম আরও একটি গুরুত্বপূর্ণ ধাপে এগোবে। মামলার নথি অনুযায়ী, এই ঘটনায় মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন, আর নানক ও তাপসসহ বাকি ২৪ জন এখনো পলাতক রয়েছে। একই দিনে ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি করে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও উসকানির অভিযোগ সংক্রান্ত আরেকটি মামলার কার্যক্রমও চলবে। ওই মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে নবম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত