স্টাফ রিপোর্টার দৈনিক সবুজ বাংলাদেশঃ
ঝালকাঠির ঐতিহ্য, সংস্কৃতি ও বিলুপ্তপ্রায় লোকজ পণ্যকে ঘিরে নতুন স্বপ্নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, ঝালকাঠির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আধুনিক পরিকল্পনার মাধ্যমে পুনরুদ্ধার করে জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।
বুধবার রাতে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠির প্রতি আমার গভীর আবেগ ও দায়িত্ববোধ রয়েছে। এই জেলার মানুষের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া প্রয়োজন। আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চাই।
তিনি বলেন, একসময় ঝালকাঠির শীতলপাটি, গামছা, লোকজ গহনা, পেয়ারা, আমড়া ও সুপারির ব্যাপক সুনাম ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব ঐতিহ্যবাহী পণ্য ও খাদ্য সংস্কৃতির অনেক কিছুই হারিয়ে যেতে বসেছে। যথাযথ সংরক্ষণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাত ব্যবস্থার অভাবে স্থানীয় উদ্যোক্তারা পিছিয়ে পড়ছেন। তিনি আরও বলেন, বিসকি, মলিদা, তাল গড়গইড়্যার মতো ঐতিহ্যবাহী খাবার আজ প্রায় বিলুপ্ত। অথচ এগুলোকে ব্র্যান্ডিং ও আধুনিক বিপণনের আওতায় আনা গেলে দেশজ সংস্কৃতির পাশাপাশি স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে। ঝালকাঠির সম্ভাব্য ইকোপার্ক উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, জেলার প্রতিটি উপজেলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে আলাদা কর্ণার তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে স্থানীয় কৃষিপণ্য, লোকজ সংস্কৃতি ও ঐতিহাসিক উপাদান প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের কাছে পুরো ঝালকাঠির পরিচয় তুলে ধরা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি শামীম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ সাদি, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন মাহতাব, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক গণকণ্ঠের চিফ ক্রাইম রিপোর্টার মোঃ মুর্তজা আমিন ডিলন, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান এবং হুমায়ন কবির। স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ড. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন বিশ্বব্যাংকে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সরকারের স্বাস্থ্য ও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত