মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্যাপিত হচ্ছে। শুক্রবার (৮ মে, ২০২৬) সকালে রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যুৎমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধনী বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের গুরু। তাঁর সৃষ্টি ছাড়া আমাদের সাহিত্য ও সংস্কৃতি অপূর্ণ। এই স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে বসেই তিনি তাঁর কালজয়ী বহু গান, কবিতা ও গল্প রচনা করেছেন। নতুন প্রজন্মের কাছে কবিগুরুর আদর্শ ও সৃষ্টিকে তুলে ধরতেই এই আয়োজন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বক্তারা বাঙালির জাতীয় জীবনে রবীন্দ্র-দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।
ঐতিহাসিক তথ্যমতে, ১৮৪০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রানী ভবানীর জমিদারির এই অংশটি মাত্র ১৩ টাকা ১০ আনায় ক্রয় করেন। ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির সুবাদে কবি নিয়মিত এখানে অবস্থান করতেন। শাহজাদপুরের এই নিভৃত বাসেই রচিত হয়েছে সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনা’র মতো কাব্যগ্রন্থ এবং পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ও ক্ষুধিত পাষাণ-এর মতো বিশ্ববিখ্যাত ছোটগল্প। এছাড়া তাঁর অমর সৃষ্টি বিসর্জন নাটক ও ‘ছিন্নপত্রাবলী’র অনেক অংশ এখানে বসেই লেখা।
তিন দিনব্যাপী (২৫-২৭ বৈশাখ) এই উৎসব ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে পুরো শাহজাদপুরে। কাছারিবাড়ি ও অডিটোরিয়ামকে নতুন আঙ্গিকে সংস্কার ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার জানান, দর্শনার্থীদের জন্য মিউজিয়াম ও গ্যালারি উন্মুক্ত রাখা হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানের পাশাপাশি বর্ণিল রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসি ক্যামেরা নজরদারির আওতায় আনা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। উদ্বোধনী দিনে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা। আগামী ২৭ বৈশাখ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত