শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দরবন সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড কঠোরভাবে দমনের নির্দেশও দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে বাগেরহাটের মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক পরিবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ সংরক্ষণে অবদান ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার এ সমাবেশের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় অবৈধ দখলমুক্ত করে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রামপালে ৪৪১ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এছাড়া রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনে উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়কারী ও ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, মোংলা থানার ওসি আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীসহ স্থানীয় নেতারা। সমাবেশে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য চারজনকে সবুজসাথী সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন-ম্যানগ্রোভ বৃক্ষরোপণে নিরঞ্জন গুপ্ত ও বিনয় অধিকারী এবং ফলদ বৃক্ষরোপণে তৃষ্ণা সরকার ও জনি হালদার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত