রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অসহায়, দরিদ্র ও কর্মসংস্থানহীন মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পৌর কার্যালয়ে আয়োজিত এ মানবিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. মোক্তার আলী।
তিনি উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি ইবাদতও বটে। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে এবং পরিবারেও স্বচ্ছলতা ফিরে আসবে। তিনি কোরআন ও হাদিসের আলোকে দান-সদকার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ওয়ালিউল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান। তিনি বলেন, এই সহায়তার অর্থ কোনো সংগঠনের তহবিল থেকে নয়; বরং এমপি মোক্তার আলীর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদ ও সিনিয়র নায়েবে আমির মো. রেজাউল ইসলাম। বক্তারা বলেন, সমাজে দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থানের বিকল্প নেই। সহায়তার অর্থ ব্যবসা বা উৎপাদনমুখী কাজে বিনিয়োগের মাধ্যমে উপকারভোগীরা স্বনির্ভর হয়ে উঠবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। উপকারভোগীরাও সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত