মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা নিজের প্রথম মাসের সম্পূর্ণ বেতন স্থানীয় একটি মসজিদে দান করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুক্রবার (৮ মে) কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি তার প্রথম মাসের প্রাপ্ত বেতন বাবদ ১ লাখ ৪৭ হাজার টাকা মসজিদ পরিচালনা কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এ সময় মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এমন মানবিক ও ধর্মীয় উদ্যোগে উপস্থিত মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকে এ ঘটনাকে জনপ্রতিনিধিত্বের ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে। তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একজন জনপ্রতিনিধির পক্ষ থেকে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।
জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি সেলিম রেজা বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই দায়িত্ব পালনের শুরুতেই তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার প্রথম মাসের বেতন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দাদের মতে, কাজিপুরের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। তাদের দাবি, এর আগে কোনো সংসদ সদস্য নিজের প্রথম মাসের পুরো বেতন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করেছেন-এমন নজির এলাকায় দেখা যায়নি। ফলে এমপি সেলিম রেজার এ উদ্যোগ জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বর্তমান সময়ে জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের যে প্রয়াস প্রয়োজন, এমপি সেলিম রেজার এই উদ্যোগ তারই একটি ইতিবাচক উদাহরণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রশংসা ও আলোচনা চলছে। স্থানীয় মুসল্লিরা সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত