ডেস্ক রিপোর্টারঃ
রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ওইদিন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।
এর আগে রাজধানীর মিরপুর এলাকায় ২০২৪ সালের ১৮ জুলাই সিয়াম সরদার (১৭) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। সিয়ামের বাবা সোহাগ সরদার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় মামলাটি করেন। ওই মামলায় আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত করা হয়। পুলিশ জানায়, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতারকরা হয়। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত