মো: শাহ আলমঃ
ঢাকা-৭ ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, আপসহীন ছাত্রনেতা শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু’র ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ, আদর্শ ও গণমানুষের প্রতি নিবেদিত ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জননেতা হামিদুর রহমান হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার এমপি, নারী সংসদ সদস্য ফেরদৌসি আহাম্মেদ মিষ্টি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সফিউদ্দিন আহম্মেদ সেন্টুসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে এমপি হামিদুর রহমান হামিদ বলেন, শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ছিলেন একজন সাহসী, আদর্শবান ও ত্যাগী রাজনৈতিক নেতা। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে তাঁর উত্থান ছিল সংগ্রামমুখর। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার ও বংশাল এলাকার উন্নয়নে তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন বলেও বক্তব্যে উল্লেখ করেন। প্রধান অতিথি আব্দুস সালাম বলেন,শহীদ পিন্টুর রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাঈদ হাসান মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ এবং চকবাজার থানা যুবদলের নেতা আরমান হোসেন। অনুষ্ঠানের আয়োজক ছিল শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদ ও সম্মিলিত ফোরাম। এ সময় লালবাগ থানা যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, শহীদ পিন্টুর আদর্শ, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন। স্মরণসভায় বক্তারা শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত