রুস্তম ফারাজী, কেশবপুরঃ
যশোরের কেশবপুর উপজেলার পরচাক্রা গ্রামে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে তপন কুমার মন্ডল কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, পরচাক্রা মৌজার ৪৪৩ নম্বর খতিয়ানের ১৪৫২ নম্বর দাগের ৭৫ শতক জমির মধ্যে ৩৭ শতক জমি দীর্ঘদিন ধরে তপন কুমার মন্ডল ও তার শরিকরা ভোগদখল করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ২০ মে সকালে একই গ্রামের ইসমাইল হোসেন বিশ্বাস ও তার সহযোগীরা ওই জমির ৮ শতক অংশে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ শুরু করেন।
এ সময় বাধা দিতে গেলে তপন মন্ডল ও তার স্বজনদের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে প্রতাপ মন্ডল, অমিত মন্ডল ও কোয়েল মন্ডলকে মারধর করে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে জমির ওপর ঘর নির্মাণের কাজ অব্যাহত রাখা হয়। এ বিষয়ে পরচাক্রা ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ বিল্লাহ বলেন, জমিটি চার শরিক দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযুক্ত ইসমাইল হোসেন দক্ষিণ পাশের জমি ক্রয় করলেও দলিলের চৌহদ্দি অনুসরণ না করে উত্তর পাশের ৮ শতক জমি দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ইসমাইল হোসেন বলেন, তিনি মহারানী মন্ডলের কাছ থেকে বৈধভাবে ৮ শতক জমি ক্রয় করেছেন। জমির দখল নেওয়ার পর তপন কুমার মন্ডলসহ কয়েকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠক করা হয়েছিল। বিষয়টির সমাধান না হওয়ায় তাদের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত ও আইনগত সমাধান দাবি করেছেন স্থানীয়রা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত