মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র চক্ষুরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দীঘিনালা সেনা জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগীর চোখ পরীক্ষা করেন চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশ সেনাবাহিনী, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে এমন রোগীদের বাছাই করা হয়। নির্বাচিত রোগীদের চট্টগ্রামে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও পরবর্তী চিকিৎসাসেবা প্রদান করা হবে।
দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে অসহায় চক্ষুরোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। এর আগে একই উদ্যোগের আওতায় ৬৮ জন চক্ষুরোগীর সফলভাবে বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। অপারেশন শেষে তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আস্থা ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
দীঘিনালা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি বলেন, পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রোগী ও স্বজনরা এই উদ্যোগকে নতুন আলো দেখার সুযোগ” হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই আশীর্বাদস্বরূপ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত